শনিবার ১৬, মে ২০২৬

শনিবার ১৬, মে ২০২৬ -- : -- --

সৌদি আরবে পৌঁছেছেন ৫৭ হাজারের বেশি হজযাত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ১০:০৬ পিএম

20

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৪৮টি ফ্লাইটে ৫৭ হাজার ৫২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে স্বাভাবিক কারণে ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা পর্যন্ত এসব হজযাত্রী জেদ্দায় পৌঁছান।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ১১ জন মক্কায় এবং ৩ জন মদিনায় মারা গেছেন।

এদিকে সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে মেডিকেল টিম এখন পর্যন্ত ২৮ হাজার ৬৬৯ জনকে সেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্প ডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন ১৬ হাজার ৪৩০ জন।

লোকমান হোসেন জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ কার্যক্রম পরিচালনায় কাজ করছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

এয়ারলাইন্সভিত্তিক তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৮ হাজার ৮৩৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন সৌদি আরবে পৌঁছেছেন।

বাকি ২০ হাজার ৮৫২ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। ওই ফ্লাইটে ৪১৮ জন হজযাত্রী ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্লাইটটির উদ্বোধন করেন।

সৌদি দূতাবাস জানিয়েছে, এখন পর্যন্ত ৭৮ হাজার ৩৭৮টি হজ ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে। আগামী ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হবে।

Link copied!