প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৯:৫৭ পিএম
17
শনিবার ১৬, মে ২০২৬ -- : -- --
সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১৯ মে মঙ্গলবার ভোর ৬টা থেকে এ কর্মবিরতি শুরু হবে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে ফেডারেশনের বিভাগীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় সর্বাত্মক ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। একই সঙ্গে কর্মসূচি সফল করতে সব পর্যায়ের পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়।
শ্রমিক নেতাদের অভিযোগ, গত ২৭ এপ্রিল সিলেটের কদমতলী বাস টার্মিনালে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে ফেডারেশনের বিভাগীয় সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়াসহ কয়েকজন নেতার বিরুদ্ধে “মিথ্যা মামলা” করা হয়েছে।
সভায় নেতারা দাবি করেন, ঘটনার সময় অভিযুক্ত নেতারা নাজিরবাজারে শ্রমিক সংগঠনের একটি নির্বাচন পরিচালনার কাজে ব্যস্ত ছিলেন। পরে ঘটনার খবর পেয়ে তারা কদমতলী এলাকায় গিয়ে পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখেন। কিন্তু এরপরও তাদের মামলায় আসামি করা হয়েছে, যা তারা “উদ্দেশ্যপ্রণোদিত” বলে উল্লেখ করেন।
নেতারা এ ঘটনায় নিহত ব্যক্তির মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।
ফেডারেশনের বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজিব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।