রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্বে থাকছে ৯২ মিনিটের বিশেষ উপহার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১২:৩৯ পিএম

13

পারিবারিক গল্পের ছোঁয়ায় দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ এবার সমাপ্তির পথে। সিরিজটির যাত্রা থামছে ৫২তম পর্বে। 

আগামী ৮ মে বিকেল ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে শেষ পর্বটি। তবে সাধারণভাবে নয়, দর্শকদের জন্য উপহার হিসেবে এই পর্বের দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট।

ইতোমধ্যে শেষ দৃশ্যের শুটিংও সম্পন্ন হয়েছে এই ধারাবাহিকের। 

নির্মাতা মোস্তফা কামাল রাজের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ধারাবাহিকটির হবে মেগা এপিসোড। অর্থাৎ, যার ব্যপ্তি হবে সাধারণের চেয়ে বেশি। কথাটি রাখতেই যাচ্ছেন নির্মাতা; জানিয়ে দিলেন শেষ পর্বের চূড়ান্ত দিনক্ষণও। 

স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে নির্মাতা জানান, এটা আমাদেরই গল্পের লাস্ট চ্যাপ্টার (পর্ব ৫১) আগামী বুধবারের পরিবর্তে ৭ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় সম্প্রচারিত হবে এবং এটা আমাদেরই গল্পের দেড় ঘণ্টাব্যাপী মেগা এপিসোড (পর্ব ৫২) আগামী ৮ মে শুক্রবার বিকেল ৩টায় সম্প্রচারিত হবে।

সাধারণত ‘এটা আমাদেরই গল্প’র প্রতিটি পর্বের দৈর্ঘ্য হয়ে থাকে ২৫-২৮ মিনিট। তবে সাধারণভাবে নয়, দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে শেষ পর্বের দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট।

শেষ পর্ব ৯২ মিনিট করা প্রসঙ্গে পরিচালক রাজ সংবাদ মাধ্যমে বলেন, দর্শকেরা আমাদের এই সিরিজ সংশ্লিষ্ট সবাইকে অভূতপূর্ব ভালোবাসা দিয়েছেন, এজন্য তাদের ধন্যবাদ। ‘এটা আমাদেরই গল্প’র দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্ব বিশেষভাবে সাজিয়েছি। তাই এর দৈর্ঘ্য সাধারণ পর্বের চেয়ে চার গুণ বেশি হচ্ছে। সবাইকে দেখার আমন্ত্রণ।

‘এটা আমাদেরই গল্প’ শেষ হওয়ার খবরে একদিকে যেমন দর্শকের মন ভারী হয়ে আসছে, একই সঙ্গে জাগছে আগ্রহও। সামাজিক মাধ্যমে অনেকেই যেমন লিখেছেন, এত দ্রুত শেষ না হলেও পারতো। আবার কেউ কেউ লিখেছেন, অপেক্ষায় আছি- না জানি কতটা কাঁদাবে শেষ পর্বটি।

শুরু থেকেই দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়েছে পারিবারিক গল্পের এই সিরিজ। প্রতিটি পর্বে কী ঘটে, সেসব দৃশ্য ব্যাপক আগ্রহ ভরে দেখেছেন দেশ-বিদেশের দর্শকরা। একদিনেই কোটি ভিউ পাওয়ার মতো নতুন নতুন রেকর্ড গড়েছে এটা আমাদেরই গল্প। একইসঙ্গে স্যোশাল মিডিয়া ও ইউটিউবে দর্শকদের কাছ থেকে এসেছে হাজার হাজার ইতিবাচক মন্তব্য।

পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে নাটকটি নির্মাণ করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 

গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রম নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে অভাবনীয় সাফল্য পেয়েছে এই সিরিজ। গল্পে ফুটে ওঠা পারিবারিক বন্ধন ও আবেগের জটিলতা অনেকের মন ছুঁয়ে গেছে।

এটা আমাদেরই গল্পর মূল চারটি চরিত্র ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা। তাদের পরিবারকে কেন্দ্র করেই এগিয়েছে কাহিনি। ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ ও সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। গল্পে তারা আপন দুই ভাই। ফাহাদের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করে সামির। মেয়েটির নাম মেহরীন। এ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে রয়েছেন সুনেরাহ বিনতে কামাল।

এ সিরিজে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা। চিত্রগ্রহণে রয়েছেন আদিত্য মনির। টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। এটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর ও সংগীতায়োজনে আরফিন রুমি।

Link copied!