রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

তদবির করলে তাঁকেও চাঁদাবাজ চক্রের সদস্য ধরা হবে: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৫:২০ পিএম

2

রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজ ও অপরাধী চক্র নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। তিনি স্পষ্ট জানিয়েছেন, গ্রেপ্তারকৃত কোনো অপরাধীর জন্য কেউ তদবির করলে তাঁকেও ওই চক্রের অংশ হিসেবে গণ্য করা হবে।

রোববার (৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, গত ৪৮ ঘণ্টায় রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৫৮ জনই পুলিশের তালিকাভুক্ত অপরাধী। অভিযানে বিপুল পরিমাণ চাঁদাবাজির আলামতও জব্দ করা হয়েছে। তিনি বলেন, “চাঁদাবাজ যে-ই হোক, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের রক্ষায় কোনো ধরনের তদবির বরদাশত করা হবে না।”

চাঁদাবাজির পাশাপাশি ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনেও পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে বলে জানান মো. সরওয়ার। তিনি বলেন, “সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসে আমরা সমন্বিত নিরাপত্তা কৌশল গ্রহণ করেছি। চিহ্নিত এলাকাগুলোতে ব্লক রেইড দেওয়া হচ্ছে যাতে অপরাধীরা পালানোর সুযোগ না পায়। ডিএমপির ৮টি বিভাগের ম্যাজিস্ট্রেটরাও মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করছেন।”

ব্রিফিংয়ে কমিশনার আরও জানান, জননিরাপত্তা জোরদারে মোহাম্মদপুর এলাকায় ‘রায়েরবাজার’ নামে নতুন একটি থানা গঠনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অপরাধপ্রবণ এলাকায় নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের পাশাপাশি সিসি ক্যামেরা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ দমনে ডিএমপির নজরদারি বাড়ানো হয়েছে।

অভিযানের তথ্য ফাঁসকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “যারা ভেতর থেকে তথ্য পাচার করছে, তাদের শনাক্ত করা হচ্ছে।” ফুটপাতে চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, যেহেতু সিটি করপোরেশন ফুটপাতে সীমানা নির্ধারণ করে দিচ্ছে, তাই এখন থেকে চাঁদাবাজির সুযোগ অনেক কমে আসবে।

ব্রিফিংয়ে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরাধ দমনে পুলিশের এই কঠোর অবস্থানকে সাধারণ নগরবাসী স্বাগত জানিয়েছে।

Link copied!