প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০৮:৫৯ পিএম
18
শুক্রবার ০৮, মে ২০২৬ -- : -- --
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত দুই মাসে তিন দফায় বাড়ানোর পর উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের দাম কিছুটা কমিয়েছে সরকার। এতে এক লাফে প্রায় ২২ টাকা কমানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে মে মাসের জন্য লিটারপ্রতি জেট ফুয়েলের দাম ২১ টাকা ৬৩ পয়সা কমানো হয়েছে। এবং জেট ফুয়েলের নতুন এই দাম রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানিয়েছে, দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য জেট ফুয়েলের লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা ৪৫ পয়সা, যা গত মাসে ছিল ২২৭ টাকা ০৮ পয়সা। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানির প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, এলসি সেটেলমেন্টের ক্ষেত্রে ডলারের বিনিময় মূল্য এবং ডিজেলের মূল্য পরিবর্তনের ফলে কোস্টাল ট্যাংকার ও লরির পরিবহন খরচ- এসব বিষয় বিবেচনায় নিয়ে মে মাসের জন্য জেট ফুয়েলের এই নতুন দাম সমন্বয় করা হয়েছে।